কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার সকাল থেকে তার বক্তব্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের মূল বিষয়
ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’
তিনি আরও বলেন, ‘তোমাদেরকে মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে হোটেলে জানি। এবং হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায়। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’
প্রতিক্রিয়া
ভাইরাল ওই বক্তব্যের বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘ফেসবুকে কি এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।’
উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তাদের সামনে তিনি এ বক্তব্য দেন। বক্তব্যটি দৈর্ঘ্য ১ মিনিট ৫ সেকেন্ড।



