রাজধানীতে ঝুম বৃষ্টি, সড়কে জলজটে ভোগান্তি
রাজধানীতে ঝুম বৃষ্টি, সড়কে জলজটে ভোগান্তি

সাপ্তাহিক ছুটির দিনের বিকালে রাজধানীতে নামল একনাগাড়ে ঝুম বৃষ্টি। শুক্রবার (১১ জুন) বিকাল ৩টা থেকে ঘণ্টা তিনেকের এই বৃষ্টিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ও জাহাঙ্গীর গেইটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে।

বৃষ্টিপাতের পরিমাণ

এ সময়ে রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে এই বৃষ্টিপাত বর্ষার আগমনী বার্তা দিচ্ছে।

মৌসুমী বায়ুর প্রভাব

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পঞ্জিকার পাতায় আষাঢ় আসতে দুদিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের সর্বত্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিস্তার ঘটেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ বৃষ্টি হচ্ছে। এখন কোথাও কোথাও স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে ভারি বর্ষণ এখনো শুরু হয়নি। ধীরে ধীরে বর্ষার বৃষ্টি বাড়বে।

সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।

শনিবারের পূর্বাভাস

শনিবারের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ