চট্টগ্রাম নগরের কসমোপলিটন এলাকায় রডবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান কসমোপলিটন আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের নিরাপত্তাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
ঘটনার সময় উপস্থিত মোহাম্মদ রিয়াদ বলেন, ‘আমি বাসার দিকে উঠছিলাম। হঠাৎ দেখি রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানের দিকে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দেখি ট্রাকটা সজোরে ওই দোকানে ধাক্কা দেয়। ট্রাকের রডগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে আর মানুষটা চলে যায় ট্রাকের নিচে। পরে সবাই মিলে চেষ্টা করে তাঁকে কোনোভাবে বের করি। পরে পুলিশ এসে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।’
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে রডবোঝাই ট্রাকটি কসমোপলিটন আবাসিক এলাকার ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকে থাকা রডগুলো ছিটকে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান আবদুল মান্নান।
পুলিশের বক্তব্য
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার কনস্টেবল মীর মোশাররফ হোসেন বলেন, আবদুল মান্নান নোয়াখালী জেলার বাসিন্দা। তাঁর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।



