দিনাজপুরে নিখোঁজ জেলের মরদেহ ১১ দিন পর ভারতে উদ্ধার
দিনাজপুরে নিখোঁজ জেলের মরদেহ ১১ দিন পর ভারতে উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ইসমাইল হকের মরদেহ ১১ দিন পর ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুরে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

নিখোঁজের ঘটনা

ইসমাইল হক (৬০) দিনাজপুরের বিরল উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা কামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও দুই ছেলের জনক। নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। গত ১ মে তিনি পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

ইসমাইলের ছোট ছেলে হায়দার আলী জানান, ১ মে বেলা তিনটায় ফিকা জাল (ঝাই জাল) নিয়ে বাড়ির পাশের পুনর্ভবা নদীর জলকপাট–সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান তাঁর বাবা। বিকেল গড়িয়ে রাত বাড়লেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পরদিন শনিবার বিরল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। একই দিন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজ করে ব্যর্থ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরদেহ শনাক্তকরণ

পরে ভারতীয় একটি গণমাধ্যমে দেশটিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারের সংবাদ প্রকাশিত হয়। গত রোববার ভারতীয় টেলিভিশনে প্রচারিত সংবাদটি সীমান্ত–সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের জয়দেবপুর গ্রামের বাসিন্দা আরমান ফেসবুকে প্রচার করেন। সংবাদটি জয়দেবপুরে থাকা ইসমাইলের আত্মীয় এনামুল হকের নজরে আসে। পরে তিনি ভারতের গঙ্গারামপুর থানায় গিয়ে ইসমাইলের লাশ শনাক্ত করেন।

হায়দার আলী বলেন, কামদেবপুরের লালমাটিয়া স্লুইসগেটের কাছে মাছ মারছিলেন তাঁর বাবা। সেখান থেকে প্রায় চার কিলোমিটার পরে ভারতে ঢুকেছে পুনর্ভবা নদী। গেটের কপাট (স্লুইসগেট) খুলে দেওয়ায় হয়তো বাবা ভেসে গেছে। তিন দিন পর বাবার লাশের ছবি দেখে তাঁরা নিশ্চিত হন। ৫ মে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার লাশটি সেখান থেকে ফেরত আনার আবেদন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাশ হস্তান্তর প্রক্রিয়া

তবে লাশ হস্তান্তরের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কাছে আনুষ্ঠানিক কোনো বার্তা কিংবা নির্দেশনা পৌঁছেনি। এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন বলেন, 'লাশ হস্তান্তরের বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। সংশ্লিষ্ট পুলিশ ও বিজিবি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, সোমবার রাত ১১টা পর্যন্ত তাঁদের কাছেও এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। তবে সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে নদীতে লাশটি পাওয়ায় ভারতীয় আইন অনুযায়ী গঙ্গারামপুর থানায় একটি মামলা হয়েছে বলে জেনেছি। এখন লাশ হস্তান্তর একটি প্রক্রিয়াধীন ব্যাপার।'