জার্মানিতে রেজা পাহলভির ওপর হামলা, অভিযুক্ত আটক
জার্মানি সফররত ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভির গায়ে লাল রঙের মতো তরল নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক সেই সময় এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে তরলটি ছুঁড়ে দেন। তরলটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে। তবে এতে তিনি আহত হননি বা বড় কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পাহলভি পরে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।
এর আগে সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এই সামরিক অভিযানকে 'মানবিক হস্তক্ষেপ' হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়। উল্লেখ্য, পাহলভি দীর্ঘদিন ধরে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পক্ষে সোচ্চার।



