সৌদি আরবে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে উটের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের দুই বন্ধু মো. হারুন (৩২) ও মো. রাসেল (৩১); তারা সৌদি আরবে ছিলেন। সেখানে প্রায়ই তারা ঘুরতে বের হতেন।
পরিবারের বক্তব্য
মঙ্গলবার (২ জুন) বিকালে নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারুন ও রাসেল ভালো বন্ধু ছিল। রাসেল আমাদের প্রতিবেশীও ছিল। দীর্ঘদিন দুজনে সৌদি আরবে ছিল। প্রায়ই তারা দেখা করত এবং একসঙ্গে ঘুরতে বের হতো।
ঘটনার বিবরণ
রোববার (৩১ মে) রাতে রিয়াদ শহরের একটি সড়কে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উটের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তছলিম আরও বলেন, হারুনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিল। একসঙ্গেই তাদের মৃত্যু হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেয়।
প্রশাসনের প্রতিক্রিয়া
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ঘটনাটি শুনেছি। লাশ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনা ও আর্থিক সহায়তার জন্য আবেদন করা হলেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।



