এক গ্লাস ঠান্ডা সফট ড্রিংকস অনেকের কাছেই ক্লান্তি দূর করার সহজ উপায়। গরমের দিনে বা ব্যস্ততার মাঝে এক চুমুকেই যেন কিছুটা স্বস্তি মেলে। তবে বিশেষজ্ঞদের মতে, মাত্র ৩০ দিনের জন্য এই অভ্যাস থেকে দূরে থাকলেও শরীরে দেখা দিতে পারে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন।
স্থিতিশীল এনার্জি
সফট ড্রিংকসে থাকা অতিরিক্ত চিনি দ্রুত শক্তি দিলেও তা দীর্ঘস্থায়ী হয় না। কিছু সময় পর রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে ক্লান্তি ও ঝিমুনিভাব দেখা দেয়। এসব পানীয় বন্ধ করলে শরীর ধীরে ধীরে স্বাভাবিক ও স্থায়ী এনার্জির সঙ্গে মানিয়ে নেয়। ফলে সারাদিন সতেজ থাকা সহজ হয়।
ত্বকের উজ্জ্বলতা
অতিরিক্ত চিনি শরীরে প্রদাহ বাড়াতে পারে, যা ত্বকে ব্রণ, রুক্ষতা বা নিস্তেজ ভাবের কারণ হতে পারে। সফট ড্রিংকস কমালে কয়েক সপ্তাহের মধ্যেই অনেকের ত্বকে ইতিবাচক পরিবর্তন দেখা যায়—ত্বক তুলনামূলক পরিষ্কার ও উজ্জ্বল লাগে।
ঘুমের মান উন্নত
কোলা বা অনুরূপ অনেক পানীয়তে ক্যাফেইন থাকে, যা বিশেষ করে রাতে ঘুমের সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত এসব পানীয় এড়িয়ে চললে ঘুম দ্রুত আসতে পারে এবং ঘুম আরও গভীর হতে পারে।
দাঁতের সুরক্ষা
সফট ড্রিংকসে থাকা চিনি ও অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। দীর্ঘদিন এ অভ্যাস থাকলে ক্যাভিটি ও দাঁতের সংবেদনশীলতা বাড়তে পারে। তাই এসব পানীয় কমানো দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী।
ওজন নিয়ন্ত্রণ
ফিজি ড্রিংকসে অনেক সময় প্রচুর অপ্রয়োজনীয় ক্যালরি থাকে, যা অজান্তেই শরীরে জমতে থাকে। নিয়মিত এসব পানীয় বাদ দিলে অতিরিক্ত চিনি ও ক্যালরি গ্রহণ কমে যায়, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে এবং শরীরের ফোলাভাবও কম অনুভূত হতে পারে।
শুরুতে সফট ড্রিংকস বাদ দেওয়া কঠিন মনে হলেও, অল্প সময়ের এই পরিবর্তন শরীরের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। এর বদলে পানি, ডাবের পানি বা স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া হতে পারে ভালো অভ্যাসের শুরু।
সূত্র: লিভওয়েল



