কয়েক বছর ধরে তীব্র ব্যথা আর প্রস্রাবের মারাত্মক সমস্যায় ভুগছিলেন চীনের গুয়াংডং প্রদেশের এক কৃষক। তবে তিনি ভাবতেও পারেননি যে তার এই তীব্র যন্ত্রণার কারণ ছিল মূত্রথলিতে থাকা এক বিশাল পাথর। অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তার মূত্রথলি থেকে প্রায় ৩ পাউন্ড (১.৩ কেজি) ওজনের একটি পাথর অপসারণ করেছেন, যা গুয়াংডং প্রদেশের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় পাথর।
তিন বছরের দুর্ভোগ
তিন বছর আগে পশ্চিম গুয়াংডংয়ের লংটাং টাউনের বাসিন্দা চেন ছদ্মনামের ওই কৃষক প্রথমবার ঘন ঘন এবং প্রস্রাব আটকে যাওয়ার মতো সমস্যায় পড়েন। প্রায়ই প্রস্রাবের বেগ হঠাৎ বন্ধ হয়ে যেত এবং শরীর নাড়াচড়া বা পজিশন পরিবর্তন না করলে তিনি স্বস্তি পেতেন না। মাঝেমধ্যে তীব্র অস্বস্তি ও যন্ত্রণাও হতো। কিন্তু চেনের ধারণা ছিল, এগুলো প্রস্টেটজনিত সাধারণ সমস্যা। খামারের কাজ ফেলে তিনি হাসপাতালে যেতে চাননি; ভেবেছিলেন ওষুধ খেয়েই ব্যথা নিয়ন্ত্রণে রাখবেন। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। প্রস্রাবের ভয়ে তিনি ঘর থেকে দূরে কোথাও যেতেন না এবং রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণে তার বিশ্রাম নেওয়াও অসম্ভব হয়ে পড়েছিল।
অবশেষে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত
অবশেষে পরিবারের অনুরোধে তিনি হাসপাতালে যেতে রাজি হন। গুয়াংডং মেডিক্যাল ইউনিভার্সিটির অধিভুক্ত শুয়েন হাসপাতালের ইউরোলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার মূত্রথলিতে এত বড় একটি পাথর জমেছে যে তা প্রস্রাবের পথকে প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইউরোলজি বিভাগের ডেপুটি চিফ ফিজিশিয়ান লিন ইউয়ান জানান, চেনের মূত্রথলি থেকে বের করা বিশাল পাথরটি ১০ সেন্টিমিটার চওড়া ও ১৩ সেন্টিমিটার দীর্ঘ এবং এর ওজন ১.৩ কেজি (২.৯ পাউন্ড), যা আকারে দুটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের মুষ্টির সমান!
এক্স-রে চিত্রে দেখা গেছে, পাথরটি মূত্রথলির প্রায় পুরো অংশই দখল করে নিয়েছিল। চিকিৎসকেরা জানান, দীর্ঘদিন ধরে মূত্রথলির দেয়ালে এভাবে চাপ সৃষ্টি করায় এটি তার জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারত।
সফল অস্ত্রোপচার
এই বিশাল পাথরটি অপসারণের জন্য হাসপাতালের একাধিক বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয় এবং একটি বিশেষ সার্জিক্যাল পরিকল্পনা তৈরি করা হয়। সৌভাগ্যবশত অস্ত্রোপচারটি সফল হয় এবং ৫৬ বছর বয়সী এই কৃষক তার বহু বছরের দুঃস্বপ্ন থেকে মুক্তি পান।
সুস্থ হয়ে চেন চিকিৎসকদের বলেন, “আমি যদি তিন বছর আগেই চিকিৎসার জন্য আসতাম, তবে আমাকে এভাবে অহেতুক এত কষ্ট পেতে হতো না।”
চিকিৎসকেরা জানিয়েছেন, এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় পাথর না হলেও, গুয়াংডং প্রদেশে এ যাবৎ রেকর্ড করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর।



