হজযাত্রীদের টিকা নেওয়ার শেষ সময় নির্ধারণ সৌদির
হজযাত্রীদের টিকা নেওয়ার শেষ সময় নির্ধারণ

পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কমপক্ষে ১০ দিন আগে সব প্রয়োজনীয় টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

টিকা নেওয়ার সময়সীমা কেন জরুরি

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিপুল জনসমাগমে সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, টিকা শরীরে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিছু সময় নেয়, তাই শেষ মুহূর্তে নয়— আগেভাগেই টিকা নেওয়া জরুরি।

কোন টিকা নিতে হবে

চলতি বছরের হজে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক বা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মেনিনজাইটিস, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা। হজের সময় অতিরিক্ত ভিড়ের কারণে এসব সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে, যা প্রতিরোধে টিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কীভাবে টিকা নেবেন

হজযাত্রীরা সহজেই Sehhaty (সেহাতি) অ্যাপ ব্যবহার করে টিকা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। নির্ধারিত প্রাপ্তবয়স্ক ইমিউনাইজেশন ক্লিনিকগুলোতে এই সেবা প্রদান করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একাধিক টিকা একসঙ্গে অথবা আলাদাভাবে নেওয়া যেতে পারে। এসব টিকা আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ এবং গর্ভবতী নারীদের জন্যও অনুমোদিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৌদি সরকারের প্রতিরোধমূলক পদক্ষেপ

প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে সমবেত হন। এই বিশাল সমাবেশে যেন সবাই নিরাপদ ও সুস্থভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে সৌদি সরকার নিয়মিতভাবেই বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে। এবারের টিকা গ্রহণের সময়সীমা নির্ধারণও তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।