ঢাকার বাতাসের মান শুক্রবার সকালে ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে, তবে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ১৯তম। আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭৫, যা ৫১-১০০ স্কোরের ‘মাঝারি’ বিভাগে পড়ে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর উগান্ডার কাম্পালার স্কোর ১৭৭, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭০, চিলির সান্তিয়াগো ১২৩, কঙ্গোর কিনশাসা ১১৯ এবং বাহরাইনের মানামা ১৩৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
ঢাকায় বায়ুদূষণের কারণ কী?
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের জন্য দীর্ঘদিন ধরে যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পকারখানার নির্গমন দায়ী। বর্ষা মৌসুমে বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে স্বস্তি মিলবে না বলে মন্তব্য করেন তারা।
আইকিউএয়ারের স্কোর কেমন?
আইকিউএয়ারের স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। খুব অস্বাস্থ্যকর অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ স্কোর নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



