দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে তামাকজাত পণ্যের মূল্য ও করবৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারী মৈত্রীর সভার বক্তারা। মঙ্গলবার (১২ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন।
সংসদ সদস্যের বক্তব্য
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, সাম্প্রতিক সময়গুলোতে আমরা তরুণদের শক্তি দেখতে পেয়েছি। বর্তমান সরকারও তরুণ নেতৃত্বের প্রতি আস্থাশীল। একদিকে তরুণরা যেমন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার তামাক কোম্পানিগুলো নিজেদের মুনাফার লোভে ওই তরুণদেরকেই আসক্তির পথে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, এই তামাক কোম্পানিকে লাভবান রেখে যাই হোক, জনস্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়। বর্তমান সরকার যেমন জনস্বাস্থ্য সুরক্ষায় বদ্ধ পরিকর, তেমনি তামাক নিয়ন্ত্রণেও তাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আসন্ন বাজেটে তামাকজাত দ্রব্যে কর ও মূল্য বৃদ্ধি করে সে লক্ষ্যে আরও এগিয়ে যাওয়া সম্ভব। আমি সংসদ অধিবেশনে বিষয়টি উপস্থাপন করবো। সেই সঙ্গে আমি সরকারকে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
কর কাঠামো সংস্কারের প্রস্তাব
সভায় জানানো হয়, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে কর আহরণ সহজিকরণের জন্য বাজারে বিদ্যমান সিগারেটের স্তর চারটি থেকে নামিয়ে তিনটিতে এনে মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। নিম্ন ও মধ্যম স্তরকে এক করে দশ শলাকার এক প্যাকেটের দাম ১০০ টাকা, উচ্চ স্তরের দশ শলাকার এক প্যাকেটের দাম ১৫০ টাকা ও অতি উচ্চ স্তরের দশ শলাকার এক প্যাকেটের দাম ২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। সেই সঙ্গে সকল স্তরের সিগারেটের উপর বিদ্যমান ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক এবং প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা হারে নির্দিষ্ট কর আরোপের কথা বলা হয়। এতে স্বল্প আয়ের ধূমপায়ী ধূমপান ছাড়তে বিশেষভাবে উৎসাহিত হবে এবং তরুণ প্রজন্ম ধূমপান শুরু করতেও নিরুৎসাহিত হবে।
মায়েদের ফোরামের আহ্বায়কের মতামত
নারী মৈত্রী তামাকবিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য বলেন, বাজারে চাল-ডাল, তেল-নুন-সবকিছুর দামই বাড়ছে, কিন্তু বিড়ি-সিগারেটের দাম তেমন বাড়ে না। তাই এগুলো এখনো সবার, বিশেষ করে তরুণ ও নিম্ন আয়ের মানুষের হাতের নাগালেই রয়ে গেছে। এ কারণে তামাক সেবন কমছে না, বরং আরও বাড়ছে। সরকারের কাছে আমার দাবি- তামাকপণ্যের দাম বাড়ান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন।
স্বাস্থ্য অর্থনীতিবিদের বিশ্লেষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, দেশে তামাকপণ্যের খুচরামূল্য বা ভিত্তিমূল্য খুবই কম। তাই করহার বেশি হলেও তা তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে তেমন কোনো অবদান রাখে না। এ ত্রুটিপূর্ণ কর-কাঠামোই স্ববিরোধ তৈরি করেছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে তামাক কোম্পানিগুলো রাজস্ব বোর্ডকে কর না বাড়ানোর ব্যাপারে প্রভাবিত করে থাকে।
তিনি আরও বলেন, সম্পূরক শুল্ক না বাড়িয়ে কেবল মূল্যস্তর বৃদ্ধির মাধ্যমে সিগারেটের দাম বাড়ানো হলে বর্ধিত মূল্যের একটি বড় অংশ তামাক কোম্পানির পকেটে চলে যায়। কিন্তু এ প্রস্তাবনা অনুসারে মূল্য বৃদ্ধি ও কর আরোপ করলে প্রায় ৫ লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে; ৩ লক্ষ ৭২ হাজারের বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে; এবং ৮৫ হাজার কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব পাওয়া যাবে। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ৪৪ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে।
তরুণ প্রতিনিধির বক্তব্য
নারী মৈত্রী তামাক বিরোধী ইয়ুথ ফোরামের সদস্য মো. আবীর হোসেন বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণসমাজের উপর। আমরা তরুণরাই যদি আসক্ত হয়ে পড়ি, তাহলে দেশের ভবিষ্যৎ খারাপ দিকে যাবে। তামাক কোম্পানিগুলো সুচতুরভাবেই আমাদেরকে টার্গেট করে আসক্তির দিকে ঠেলে দেয়। তাই তামাকজাত দ্রব্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি করে তামাকজাত দ্রব্যকে তরুণদের নাগালের বাইরে নিয়ে যেতে হবে।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।



