হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৫
হামে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৫

১০ মাসের সন্তান মাহাজবিকে বাঁচানো গেল না। তিন দিন আইসিইউতে চিকিৎসার পর হামে মৃত্যু হয় ছেলের। নাড়িছেঁড়া ধনের নিথর শরীরে মাথা ঠেকিয়ে কান্না যেন থামছে না মা শিউলি আক্তারের। গতকাল দুপুরে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নিচতলায় এমন দৃশ্য দেখা যায়।

২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ পর্যন্ত মোট ৩৫২ শিশুর মৃত্যু হলো।

এ সময়ে সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত ২৪ ঘণ্টায় ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগভিত্তিক মৃত্যু

হাম শনাক্ত হয়ে তিন শিশু বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, খুলনায় ২ ও সিলেটে এক শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৯১ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হলো।

আক্রান্ত ও সুস্থতার পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৯ হাজার ৭৪৬ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ