প্রমোদতরীতে হান্টাভাইরাস: মানুষে মানুষে সংক্রমণের আশঙ্কা ডব্লিউএইচওর
প্রমোদতরীতে হান্টাভাইরাস: ডব্লিউএইচওর আশঙ্কা

বিলাসবহুল প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু এবং আরও কয়েকজনের শনাক্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে থাকতে পারে। মঙ্গলবার (৫ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি এবং প্রতিরোধ বিষয়ক বিভাগের পরিচালক ড. মারিয়া ভ্যান কারখোভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা জানি যে কিছু ক্ষেত্রে আক্রান্তদের একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ সংস্পর্শ ছিল এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এটাই ধরে নিচ্ছি।’

ভ্যান কারখোভ ভাইরাসটি নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জন্য ঝুঁকি কম। এটি ফ্লু বা কোভিডের মতো ছড়ানো কোনো ভাইরাস নয়। এটি সম্পূর্ণ ভিন্ন।’ এমভি হন্ডিয়াস নামের জাহাজটি বর্তমানে পশ্চিম আফ্রিকার উপকূলে রয়েছে। ১৭ জন আমেরিকানসহ প্রায় ১৫০ জন যাত্রী জাহাজটিতে অবস্থান করছেন। বিলাসবহুল জাহাজটি গত মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার জন্য যাত্রা শুরু করে এবং বিশ্বের সবচেয়ে দুর্গম কয়েকটি দ্বীপে যাত্রাবিরতি দেয়। কিন্তু পথিমধ্যে বেশ কয়েকজন যাত্রী দ্রুত ছড়িয়ে পড়া এক শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন বলে জানায় জাহাজটির পরিচালনাকারী সংস্থা ওসানওয়াইড এক্সপেডিশনস।

হান্টাভাইরাস একটি বিরল রোগ, যা সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, মল বা লালার সংস্পর্শে হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার ৪ মে জানায়, এখন পর্যন্ত এই রোগের সাতটি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি নিশ্চিত এবং পাঁচটি সন্দেহভাজন। এক ডাচ দম্পতি এবং একজন জার্মান নাগরিকসহ তিনজন মারা গেছেন। এছাড়া একজন ব্রিটিশ নাগরিক দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ভ্যান কারখোভ জানান, তার অবস্থার উন্নতি হচ্ছে। ভ্যান কারখোভ আরও জানান, হান্টাভাইরাসের উপসর্গে ভুগছেন এমন আরও দুজন জাহাজে রয়েছেন, তবে তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে। সূত্র: সিএনএন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ