ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্য সংশ্লিষ্ট দফতরগুলো প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ২৫০ শয্যার টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান দেওয়া হয়েছে।
তিনি জানান, ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ এ সপ্তাহে দেশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬’ শীর্ষক নীতিমালার খসড়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। রাজধানীর মিরপুরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নিয়মের আওতায় আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিজিটাল পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে ২০২ জন হকারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে নির্ধারিত স্থানে চলে যাওয়ার জন্য হকারদের নির্দেশনা দেওয়া হয়।
তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি বিমানবন্দর ও চারটি রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। পাশাপাশি ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার, ঢাকা–সিলেট এবং ঢাকা–রাজশাহী রুটের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির মোট ইন্টারনেট সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশের সব জেলায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট (জিপিওএন) সম্প্রসারণের অংশ হিসেবে ইতোমধ্যে ৩ হাজার ৮০২টি নতুন সংযোগ স্থাপন করা হয়েছে। গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৪জি সেবা শক্তিশালী করতে নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের আওতায় ৪০টি নতুন বিটিএস সাইট চালু করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।



