রাজধানীর রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় সৌরভ হালদার (২৫) নামের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়
মৃতের কাকি রঞ্জিতা মন্ডল জানিয়েছেন, সৌরভ বাসায় সবার অগোচরে বিষাক্ত জাতীয় কোনো দ্রব্য খেয়ে অসুস্থ ও বমি করতে থাকে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিপ্রেশন থেকে এমন ঘটনা
মৃতের কাকি আরও জানান, মাস কয়েক আগে তার এক বান্ধবী ক্যান্সার রোগে মারা যায়। তারপর থেকে সৌরভ একটু ডিপ্রেশনে ছিল। তাদের ধারণা হয়তো ডিপ্রেশন থেকে এরকম করতে পারে।
পুলিশের বক্তব্য
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”
মৃতের পরিচয়
মৃত সৌরভ ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের কৃষক অমল হালদারের ছেলে। বর্তমানে রায়েরবাজার এলাকায় তার এক বোনসহ ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।



