দেশে হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও আট শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে এক শিশু এবং হামের উপসর্গে মারা গেছে সাত শিশু। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগওয়ারি মৃত্যুর সংখ্যা
সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা) সবচেয়ে বেশি পাঁচটি শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে এক শিশু এবং রাজশাহী বিভাগে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৩টি শিশু।
হামের উপসর্গ ও শনাক্তের পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার তাদের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩২ হাজার ০২৮ শিশুর। এই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তবে এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৭ হাজার ৯৫৫ শিশু বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।



