প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত মার্কিন সেনাবাহিনীর: হেগসেথ
প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত মার্কিন সেনাবাহিনীর

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। গত ২৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে আয়োজিত এক যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। আমেরিকান সেনাবাহিনীকে বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান রক্ষক হিসেবে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব পিস’ বা শান্তি মন্ত্রণালয় রাখা যায় কি না—এমন এক প্রশ্নের জবাবে হেগসেথ যুক্তরাষ্ট্রের সামরিক নীতির মূলমন্ত্র ‘শক্তির মাধ্যমে শান্তি’ (Peace through strength)-এর ওপর জোর দেন। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের লক্ষ্য সবসময়ই শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করা। তার মতে, যুদ্ধের মূল উদ্দেশ্য হলো শক্তির প্রদর্শনের মাধ্যমে শান্তি বজায় রাখা। তিনি বলেন, যখন সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করা হয়, তখন তার চূড়ান্ত লক্ষ্য হয় শান্তি স্থাপন করা। তিনি চান এই ধারণাটি প্রতিরক্ষা বিভাগের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক।

হেগসেথ আরও বলেন, এটি কেবল কথার কথা নয়, বরং এর গভীর অর্থ রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বৈশ্বিক ভূমিকা এমন পর্যায়ের যে, আন্তর্জাতিক অঙ্গনে তারা সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য। তার মতে, মার্কিন সামরিক বাহিনী কেবল নিজেদের দেশের নয়, বরং বিশ্বের অনেক মানুষের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। তাই এমন একটি প্রতিষ্ঠানের প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা সচিবের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, হেগসেথের এই বক্তব্য সামরিক শক্তির মাধ্যমে বৈশ্বিক ভূ-রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও দৃঢ় করার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ