স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু আপডেটে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক নতুন রোগীর সংখ্যা
প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জন বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে), ১৩ জন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে), ৬ জন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে), ৩ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ৮ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ৪৫ জন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে), ১ জন রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) এবং ১ জন সিলেট বিভাগে (সিটি কর্পোরেশন এলাকার বাইরে) ভর্তি হয়েছেন।
সুস্থ হয়ে বাড়ি ফেরা
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর মোট ৩ হাজার ৪৮৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে দেশব্যাপী মোট ৩ হাজার ৭১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা
চলতি ২০২৬ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে দেশে ডেঙ্গু সংক্রমণ হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জনের এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।



