মাগুরায় ভিডিও রেকর্ডিং চালু রেখে যুবকের আত্মহত্যা
মাগুরায় ভিডিও রেকর্ডিং চালু রেখে যুবকের আত্মহত্যা

মাগুরায় শেখ জিহাদ হাসান নামে এক যুবক মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু অবস্থায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোররাতের দিকে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার ভাড়াবাড়িতে এ ঘটনাটি ঘটে।

আত্মহত্যার বিবরণ

শেখ জিহাদ হাসান (২০) মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। মৃতের স্বজনরা জানান, বছর দেড়েক আগে জিহাদ হাসান ভালোবাসার সম্পর্কে ঝালকাঠির মানিক মিয়ার মেয়ে মিমকে বিয়ে করেন; কিন্তু পরিবারের সিদ্ধান্তের বাইরে বিয়ে করায় মিমের বাবা-মা তাদের বিয়েটি মেনে নেয়নি। এ অবস্থায় তারা কয়েক মাস আগে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ায় আইটি পার্কের পেছনে একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করেন।

পারিবারিক কলহ

সম্প্রতি মিম ঢাকায় বসবাসরত তার বাবা-মায়ের কাছে বেড়াতে যাওয়ার জন্য জিহাদের কাছে দাবি জানায়; কিন্তু বিয়ের পর থেকে তাদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখায় জিহাদ স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে নিরুৎসাহিত করেন। এ বিষয়টি নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই মধ্যে ঈদের পরদিন মিম শাশুড়িকে রাজি করিয়ে দুই দিনের কথা বলে একাকী ঢাকায় বাবা-মায়ের ঠিকানায় গিয়ে ওঠে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে দুই দিন পেরিয়ে যাওয়ার পরও মিম মাগুরাতে ফিরে না আসায় গত বৃহস্পতিবার জিহাদ স্ত্রীকে ফিরিয়ে আনতে তার মাকে ঢাকায় পাঠায়। তারপরও মিম স্বামীর কাছে ফিরতে রাজি না হওয়ায় জিহাদ স্টেডিয়ামপাড়ার ভাড়াবাড়িতে ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস নেয়। পরে দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ভিডিও রেকর্ডিং ও তদন্ত

মাগুরা সদর থানার এসআই আসাদুজ্জামান জামান জানান, যুবকটি গলায় ফাঁস নেওয়ার আগে নিজের মোবাইল ফোনে ৪৫ সেকেন্ডের জন্য ভিডিও রেকর্ডিং চালু করে রাখে। সেটি থেকে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ