দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং হামের উপসর্গে মারা গেছে চার শিশু। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২০ মে) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
মোট পরিসংখ্যান
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতা
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
মৃত্যুর সংখ্যা
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৮ জন।



