দেবীদ্বারে হাসপাতালে এমপির হঠাৎ পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসক শোকজ
দেবীদ্বারে হাসপাতালে এমপির হঠাৎ পরিদর্শন, ৫ চিকিৎসক শোকজ

কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে যান এবং প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান তিনি।

ক্ষোভ প্রকাশ ও ব্যবস্থা গ্রহণ

অনুপস্থিত চিকিৎসকদের দেখে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অনুপস্থিত চিকিৎসকেরা হলেন: চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম (শুভ), শামীম কাউছার, শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ ও মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

পরিদর্শনের সময় উপস্থিত ডেপুটি সিভিল সার্জন

হাসনাত আবদুল্লাহর পরিদর্শনের সময় জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবরও ওই হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি ভিন্ন কাজে গেলে হঠাৎ সংসদ সদস্যের সঙ্গে দেখা হয়। পরে ডেপুটি সিভিল সার্জনকে নিয়ে পুরো হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীর্ঘদিনের অনিয়ম

হাসপাতাল সূত্রে জানা যায়, অনেক সময় চিকিৎসকেরা কর্মস্থলের বাইরে অবস্থান করেন, আবার অনেকে উপস্থিত থাকলেও কর্মঘণ্টা মানেন না। এ ধরনের অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। পরিদর্শনের সময় এমন চিত্র দেখে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংসদ সদস্যের বক্তব্য

পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসেন না। অবহিতকরণ ছাড়াই পাঁচ চিকিৎসক অনুপস্থিত থাকায় তাঁদের শোকজ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি নির্দেশনা দিয়েছি, প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সব চিকিৎসক নিয়ে ব্রিফিং করবেন এবং সেই সভার উপস্থিতির শিট আমাকে পাঠাবেন। শোকজ করা চিকিৎসকেরা সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সেবার মানোন্নয়নে আহ্বান

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শোকজের জবাব ও পরবর্তী ব্যবস্থা

জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে ওই পাঁচ চিকিৎসককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা প্রয়োজন। তাঁরা এর ব্যত্যয় ঘটিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও জানানো হবে।