আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: মামলা দায়ের, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: মামলা, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত এক শিশুর স্বজন হাবিবুর রহমান বাদি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা করেন।

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর

এদিকে ময়নাতদন্ত না করেই ওই ৬ শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্যরা শিশুদের ময়নাতদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করেন এবং লিখিত আবেদন দেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের বুঝিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ প্রসঙ্গে ডিসি জাহিদুল ইসলাম বলেন, 'এখানে পারিবারিক আবেগের বিষয় জড়িত। ময়নাতদন্ত হলে তদন্তের জন্য ভালো হতো, তবে পরিবারের লিখিত আবেদনের কারণে তা করা হয়নি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্তে নমুনা সংগ্রহ

ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

আটক ও জিজ্ঞাসাবাদ

হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি বলেন, 'এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি। মামলা দায়ের সম্পন্ন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।'

ঘটনার বিবরণ

এর আগে মঙ্গলবার রাতে অথবা বুধবার ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য শিশুর অবস্থা

ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আরও পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।