গ্রীষ্মের উজ্জ্বল রোদ অনেকেরই প্রিয় হলেও, তা আপনার চুলের জন্য বড় বিপদের কারণ হতে পারে। সূর্যের তীব্র অতিবেগুনি রশ্মি কেবল ত্বকেরই ক্ষতি করে না, বরং চুলের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নিয়ে একে করে তোলে রুক্ষ ও ভঙ্গুর।
চুলের ক্ষতির লক্ষণ
চর্মরোগ বিশেষজ্ঞ ড. উইলমা বার্গফেল্ড জানান, রোদের তাপে ক্ষতিগ্রস্ত চুল সহজেই চেনা যায় এর রুক্ষতা এবং মলিনতা দেখে। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত চুল দেখতে শুষ্ক লাগে, সহজে নিয়ন্ত্রণ করা যায় না এবং কোনো স্টাইল বা কার্ল ধরে রাখতে পারে না। এ ধরনের চুল ধোয়ার পর খুব দ্রুত শুকিয়ে যায়।’
সূর্যের ক্ষতিকর প্রভাব
কিউটিকলের ক্ষতি
সূর্যের আলোয় চুলের বাইরের সুরক্ষা স্তর ভেঙে যায়। ফলে চুল খড়ের মতো শুষ্ক ও উসকোখুসকো হয়ে পড়ে।
গাঠনিক ক্ষতি
দীর্ঘদিন অতিরিক্ত রোদে থাকলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে চুল মাঝখান থেকে ভেঙে যায় এবং আগা ফেটে যায়।
রঙ নষ্ট হওয়া
রোদ চুলের স্বাভাবিক রং নষ্ট করে এবং অকালপক্বতা ত্বরান্বিত করে। বিশেষ করে চুলে কালার বা ব্লিচ করা থাকলে সূর্যের আলোয় তা দ্রুত নষ্ট হয়।
ঝুঁকিতে যাদের চুল
সব ধরনের চুলই রোদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে যাদের চুল পাতলা, হালকা রঙের কিংবা অতিরিক্ত কোঁকড়ানো, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কারণ হালকা ও পাতলা চুলে পর্যাপ্ত পিগমেন্ট বা পুরুত্ব থাকে না, যা রোদ থেকে সুরক্ষা দিতে পারে। অন্যদিকে ঘন ও কালচে চুল সাধারণত কিছুটা তৈলাক্ত হওয়ায় তা প্রাকৃতিকভাবেই কিছুটা সুরক্ষা পায়।
ক্লোরিনের বাড়তি বিপদ ও করণীয়
গ্রীষ্মের দিনে সুইমিং পুলে গোসল করার আনন্দ চুলে বাড়তি ক্ষতি ডেকে আনতে পারে। পুলের ক্লোরিনযুক্ত পানি চুলকে রোদ ও তাপের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। এ সম্পর্কে ড. বার্গফেল্ডের পরামর্শ, ‘পুলে নামার সময় সুইমিং ক্যাপ ব্যবহার করুন অথবা মাথা পানির ওপরে রাখার চেষ্টা করুন। পুলের পানি চুলে লেগে গেলে, দেরি না করে দ্রুত স্বচ্ছ ট্যাপের পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন, যাতে রাসায়নিক উপাদান চুলে বসে না যায়।’
সুরক্ষায় সচেতনতা
সবশেষে বাইরে বের হওয়ার সময় আমরা যেভাবে ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করি, ঠিক একইভাবে চুলের সুরক্ষাতেও সমান নজর দেওয়া উচিত। সঠিক সচেতনতাই পারে রোদের মাঝেও আপনার চুলকে সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত রাখতে।
সূত্র: হেলথ এসেনশিয়ালস



