মিষ্টিজাতীয় খাবার বেশি খেলে দাঁতের ক্ষয়রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে শুধু মিষ্টি নয়, যেকোনো এক ধরনের খাবার সারা জীবন ধরে খেলে শরীরের জন্য তা বিষের মতো কাজ করতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিশেষজ্ঞ জো অ্যান হ্যাটনার এই বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘আমি এই কাজ করার পরামর্শ ভুলেও কাউকে দেব না।’
একমাত্রিক খাদ্যাভ্যাসের বিপদ
কেউ যদি শুধু ভাত খেয়ে বাঁচতে চান বা শুধু আম খেয়ে থাকতে চান, তবে তা মারাত্মক ভুল হবে। হ্যাটনার জানান, কেবল একটিমাত্র ফল, সবজি বা শস্যদানা খেলে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো একসময় কাজ করা বন্ধ করে দেবে। অন্যদিকে, শুধু মাংস খেলে শরীর শর্করার অভাবে নিজের মাংসপেশি ভাঙতে শুরু করে, অর্থাৎ শরীর নিজেকেই খেতে থাকে।
স্কার্ভি ও অন্যান্য রোগ
ফলমূল বাদ দিয়ে একটিমাত্র খাবারের ওপর নির্ভর করলে ভিটামিন সির চরম অভাব দেখা দেয়, যার ফলে স্কার্ভি নামক মারাত্মক রোগ হয়। এই রোগে মাড়ি দিয়ে রক্ত পড়ে ও রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ১৯৪০ সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কিছু বন্দীর ওপর চালানো পরীক্ষায় দেখা যায়, ভিটামিন সির অভাবে এক থেকে আট মাসের মধ্যে স্কার্ভি দেখা দেয়। প্রথমে শরীর ঝিমিয়ে পড়ে, হাড়ে তীব্র ব্যথা হয়, তারপর পুঁজভর্তি ক্ষত, জন্ডিস ও জ্বর হয় এবং শেষে মাড়ি পচে দাঁত পড়ে গিয়ে মৃত্যু ঘটে।
অ্যামিনো অ্যাসিডের ঘাটতি
মাংসপেশি শক্তপোক্ত রাখতে ৯টি জরুরি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন, যা একক কোনো সবজি বা ডালে পাওয়া যায় না। প্রাচীনকালের মানুষরা বিভিন্ন সবজি ও ডাল মিশিয়ে খেত, যেমন খিচুড়ি, যাতে সব অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। শুধু এক ধরনের সবজি খেলে চুলের রং হালকা হয়, নখ নরম হয়ে ভেঙে যায় এবং হৃৎপিণ্ড ছোট হয়ে মৃত্যুও হতে পারে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগীদের ক্ষেত্রে এমন ঘটে।
পুষ্টিবিদদের পরামর্শ
সবজি বাদ দিয়ে শুধু রুটি বা পাস্তা খেলেও অ্যামিনো অ্যাসিডের অভাবে অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং স্কার্ভি দেখা দেয়। পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে সব ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে। সূত্র: লাইভ সায়েন্স।



