মঠবাড়িয়ায় ক্লিনিকে দুই নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
মঠবাড়িয়ায় ক্লিনিকে দুই নারীর মৃত্যুতে তদন্ত কমিটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি মতবিনিময় সভায় কমিটি গঠনের ঘোষণা

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও ক্লিনিক মালিকদের সঙ্গে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এ ঘোষণা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সাকিল সরোয়ার। সভায় সভাপতিত্বকালে তিনি বলেন, সম্প্রতি ক্লিনিকে দুই নারীর মৃত্যুর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় স্বচ্ছতা বজায় রাখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে।

ক্লিনিক মালিকদের প্রতি কঠোর নির্দেশনা

ডা. সাকিল সরোয়ার আরও বলেন, আইন মেনে ক্লিনিক পরিচালনা করতে হবে। ক্লিনিকে কর্মরত ডাক্তারদের সকল নথিপত্র ইউএইচএফপিও কার্যালয়ে জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া নীতিমালা অনুযায়ী চিকিৎসক ও স্টাফদের নিয়োগপত্র দিতে হবে। যখন-তখন কাউকে ছাঁটাই করা যাবে না, আবার কর্মীরাও নিয়মের বাইরে হুট করে চলে যেতে পারবেন না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা মঠবাড়িয়ার সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি ক্লিনিকগুলোর ওপর নিয়মিত তদারকি এবং সেবার মান বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মতবিনিময় সভায় বক্তারা

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা, উপজেলা বিএনপির সদস্য কেএম হুমায়ুন কবির, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুজ্জামান আবির, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, সাবেক সভাপতি আবদুস সারাম আজাদী, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মনির হোসেন, সাংবাদিক মজিবর রহমান, ইসমাইল হোসেন হাওলাদার, ইসরাত জাহান মমতাজ, সোহেল আমিন প্রমুখ।