ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবর আলীর ছেলে। তিনি গত তিন মাস ধরে কারাভোগ করছিলেন।
কারাগার সূত্রে জানা যায়
জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফ মাত্রাতিরিক্ত উচ্চরক্তচাপে ভুগছিলেন। অসুস্থ হলে বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মামলার বিবরণ
জানা গেছে, তার বিরুদ্ধে আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানায় দায়ের হওয়া দুটি মামলায় সাজা ছিল। একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং অন্য মামলায় ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, “সৈয়দ আশরাফ আলীর নামে মোট চারটি মামলার দুইটিতে সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ মার্চ তিনি জেলা কারাগারে আসেন। এছাড়াও তার নামে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।” তিনি আরও বলেন, সৈয়দ আশরাফের মৃত্যু সনদে চিকিৎসক ‘নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপের কারণে অস্থিরতায় মৃত্যু’ উল্লেখ করেছেন।
অপমৃত্যুর মামলা
ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, “এ ব্যাপারে জেলা কারাগারের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করবেন।” তিনি বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”



