গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৩৯ জন শিশুর মৃত্যু হলো।
নতুন করে ১৬ শিশু ভর্তি
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ৬২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
দুই মৃত্যুর বিবরণ
ডা. ঝন্টু সরকার আরও জানান, ময়মনসিংহ সদরের দাপুনিয়া গ্রামের ৬ মাস বয়সী এক ছেলে শিশু গত ১৯ মে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। সোমবার (২৫ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর শিশুটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে আসা ১০ মাস বয়সী ছেলে। সে গত ২০ মে ভর্তি হয় এবং মঙ্গলবার (২৬ মে) সকালে মারা যায়। দুই শিশুই হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগছিল।



