মাংস সঠিকভাবে সেদ্ধ করা না হলে তা হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। ভালোভাবে সেদ্ধ না করলে মাংসের মাধ্যমে বহু জীবাণু ছড়াতে পারে, যা ফুডপয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার কারণ। সাধারণত এর উপসর্গ হিসেবে পেটব্যথা, ডায়রিয়া, বমি বা জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি মলের সঙ্গে রক্তও যেতে পারে। জটিলতা সৃষ্টি হলে পানিশূন্যতা এবং লবণের তারতম্যও হতে পারে।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ঝুঁকি
প্রাণী লালন–পালনের সময় ভুল নিয়মে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ওই প্রাণীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট) জীবাণু সুপ্ত অবস্থায় থাকতে পারে। ওই প্রাণীর মাংস সঠিকভাবে সেদ্ধ না করে খেলে মানবদেহে ওই বৈশিষ্ট্যের জীবাণু চলে আসার ঝুঁকি থাকে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতার কারণে ওই জীবাণুর সংক্রমণের চিকিৎসা করাও কঠিন হয়ে দাঁড়াতে পারে।
পরজীবীজনিত দীর্ঘমেয়াদি সমস্যা
ভালোভাবে সেদ্ধ না করলে মাংসের মাধ্যমে কিছু পরজীবী ছড়ায়, যা দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করে। যেমন অপুষ্টি দেখা দিতে পারে, অন্ত্রের স্বাভাবিক গতিশীলতা নষ্ট হতে পারে, লিভার বা ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি টক্সোপ্লাজমা নামক পরজীবীর সংক্রমণে একজন নারীর গর্ভপাত হতে পারে কিংবা গর্ভের সন্তান জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে।
সেদ্ধ মাংস চেনার উপায়
মাংস সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা বুঝতে নিচের বিষয়গুলি খেয়াল করুন:
- মাংস সেদ্ধ হলে রং বদলে যায়; লালচে বা গোলাপি ভাব থাকে না।
- সেদ্ধ মাংসে চাপ দিলে যে রস বের হয়, তা লালচে বা গোলাপি নয়, বরং স্বচ্ছ বা হালকা বাদামি হয়।
- বাইরে থেকে সেদ্ধ মনে হলেও মাংসের ভেতরের দিক, বিশেষ করে হাড়ের কাছাকাছি অংশ লালচে বা গোলাপি থাকলে তা সেদ্ধ হয়নি।
- সেদ্ধ মাংস পিচ্ছিল থাকে না এবং এর আঁশ সুন্দরভাবে বোঝা যায়।
স্বাস্থ্যসম্মত মাংস রান্নার টিপস
পরিচ্ছন্নতা বজায় রাখুন
- কাঁচা মাংস খালি হাতে না ধরাই ভালো; পরিষ্কার গ্লাভস ব্যবহার করুন।
- কাঁচা মাংস স্পর্শ করার পর ভালোভাবে হাত ধুয়ে নিন (গ্লাভস ব্যবহার করলেও)।
- কাঁচা মাংসের জন্য ব্যবহৃত গ্লাভস, বঁটি, চাকু, চপিং বোর্ড, চাটাই প্রভৃতি অন্য কাজে ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিন।
- কাঁচা মাংস সংরক্ষণের সময় এর নিচে অন্য খাবার রাখবেন না, যাতে মাংসের রস গড়িয়ে অন্য খাবারে না পড়ে।
- ঘরের মেঝেতে কাঁচা মাংস বা রক্ত পড়লে জীবাণুনাশক দ্রবণ দিয়ে মুছুন।
রান্নার পদ্ধতি
- মাংস ছোট করে টুকরা করুন, তাহলে সহজে সেদ্ধ হবে।
- একটি পদের জন্য কাছাকাছি আকৃতির টুকরা করুন; বড় ও ছোট টুকরা একসঙ্গে রান্না করলে ছোটগুলো গলে বা পুড়ে যেতে পারে।
- সময় নিয়ে মাংস রান্না করুন; তাড়া থাকলে প্রেশার কুকার ব্যবহার করুন।
- ভুনাজাতীয় পদ ঢেকে রান্না করুন।
- কাবাব, গ্রিল বা বারবিকিউ–জাতীয় পদ তৈরি করতে চাইলে মাংস আগেই কিছুটা সেদ্ধ করে নিন, যাতে মূল রান্নায় পুরো সেদ্ধ হয়।
- আগুনে পোড়ানোর সময় আঁচ খুব বেশি দেবেন না; মাঝারি আঁচে ধীরে ধীরে সেদ্ধ করুন, যেন ভেতরটা ভালোভাবে গরম হয়। পোড়ানোর সময় আগুনের ঠিক ওপরে না রেখে সামান্য সরিয়ে রাখুন।
সংরক্ষণ ও পুনরায় গরম করা
- সংরক্ষণের জন্য এমনভাবে প্যাকেট করুন যাতে একবার বের করলে পুরোটা রান্না করা যায়; বারবার ডিপফ্রিজে না ফেরান।
- ডিপ ফ্রিজে রাখা মাংস জমাট অবস্থায় রান্না করলে ভালোভাবে সেদ্ধ হবে না; তাই আগে সাধারণ ফ্রিজে রেখে গলিয়ে নিন। তাড়া থাকলে সাধারণ তাপমাত্রার পানিতে বা মাইক্রোওয়েভের ডিফ্রস্ট অপশনে গলাতে পারেন।
- রান্না করা মাংস ফ্রিজ থেকে বের করে খেতে হলে ভালোভাবে গরম করে নিন।



