বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ২৬ জনের মৃত্যু হলো। বুধবার (২০ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেন।
মৃত শিশুদের পরিচয়
মৃত শিশুরা হলো– পিরোজপুরের মঠবাড়ীয়া এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে আলী আজগর (সাড়ে চার মাস) এবং পটুয়াখালীর রাহাত গাজীর ছেলে মুয়াজ (৩ মাস)।
হাসপাতালের বক্তব্য
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দুই মৃত্যু নিয়ে এই হাসপাতালে হামে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন, বর্তমান দিনে রোগীর অবস্থান সংখ্যা ২০৪ জন এবং এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৪১ জন।’
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য
বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডাক্তার লোকমান হাকিম বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হাম সন্দেহভাজন ১৩৩ রোগীর মধ্যে ১৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চলতি বছরে মোট সন্দেহভাজন হাম রোগী ৫ হাজার ৭১২ জন হাসপাতালে ভর্তি হলেও রোগী সংখ্যা ৬ হাজার ৮৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশুর মৃত্যু নিয়ে বরিশালে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছি। প্রত্যেক মুহূর্ত খোঁজখবর নিচ্ছি বিভিন্ন হাসপাতালে। মৃত্যু সংখ্যা কিভাবে কমানো যায় সে বিষয়ে কাজ করছি।’



