লক্ষ্মীপুরের কমলনগরের ত্যাগী রাজনৈতিক কর্মী মো. পারভেজ (৪০) ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন। নিজের আয়ের একমাত্র সম্বল নারিকেল গাছ বন্ধক রেখে প্রিয় নেতার নির্বাচন করেছিলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করা হয়েছে।
নারিকেল গাছ বন্ধক রেখে নির্বাচন
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগরের চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে মো. পারভেজ পেশায় একজন প্রান্তিক কৃষক ছিলেন। তিনি ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। বিগত নির্বাচনে প্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে গিয়ে নিজের বাড়ির সব নারিকেল গাছ বন্ধক রেখে সেই টাকা দিয়ে নির্বাচনের খরচ বহন করেছিলেন। এই ঘটনা তৎকালীন রাজনৈতিক অঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে।
হুইপ নিজানের আর্থিক সহায়তা
গত দুই মাস ধরে মারাত্মক ক্যানসারে ভুগছিলেন পারভেজ। চার মাসের একটি দুগ্ধপোষ্য শিশুসহ চার কন্যাসন্তানের জনক পারভেজের চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ান হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি প্রথমে ১০ হাজার টাকা এবং পরে উন্নত চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা অনুদান দিয়ে পারভেজকে ঢাকার নাক, কান ও গলা ইনস্টিটিউটে পাঠান।
নিখোঁজ ও মৃত্যু
ঢাকায় ভর্তির পর পারভেজের সঙ্গে থাকা তার চাচা ওষুধ কিনতে যান। ফিরে এসে দেখেন পারভেজ সেখানে নেই। হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় থানায় জিডি করা হয়। ক্যানসার আক্রান্ত পারভেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশ পায়। অবশেষে গতকাল রাজধানীর একটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে স্থানীয়রা। ফেসবুকে লাশের ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে পারভেজের লাশ শনাক্ত করেন।
শোক ও দাফন
পারভেজের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। হুইপ আশরাফ উদ্দিন নিজান গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তার আন্তরিক প্রচেষ্টায় পারভেজের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়েছে। রাত ১০টায় পারিবারিক কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চর কাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিব বলেন, 'পারভেজ ভাইয়ের মতো নিঃস্বার্থ কর্মী বর্তমান রাজনীতিতে বিরল। আজ তাকে হারিয়ে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। তবে শেষমুহূর্তে আমাদের নেতা হুইপ যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।'



