ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা জারি
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দিয়ে দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য কোনো নির্ধারিত অপেক্ষমাণ শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি, রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ায় তাদেরকে অত্যন্ত কষ্টকর পরিবেশে অবস্থান করতে হয়।
শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণ
আরও বলা হয়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান ও চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের জন্য অনেক কেন্দ্রে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োজিত না থাকায় অনাকাঙ্ক্ষিত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড অথবা বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
প্রেরণ ও অনুলিপি
এ নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা-২০২৬-এর সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসক, সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।



