জাতীয় গণিত কার্নিভ্যাল ২০২৬ উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডুয়েট ম্যাথ ক্লাব ও গাজীপুর বন্ধুসভার সদস্যরা। ১৭ জুন বিকেলে ডুয়েটের ভিসি সেমিনার কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি রয়েছে। এই ভয় দূর করতে হবে। শিক্ষার্থীদের বোঝাতে হবে যে গণিত একটি সহজ ও আনন্দদায়ক বিষয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের ব্যবহার অপরিসীম। এই আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ এই কার্নিভ্যালে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ডুয়েট ম্যাথ ক্লাবের আয়োজনে এই কার্নিভ্যালে সহ–আয়োজক হিসেবে রয়েছে গাজীপুর বন্ধুসভা। আগামী ২৫ জুলাই, শনিবার ডুয়েট ক্যাম্পাসে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হবে।
তিনটি ক্যাটাগরিতে কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে। প্রতিটি পর্যায় থেকে ৫০০ জন করে মোট ১ হাজার ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বৃহৎ আয়োজন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে সার্টিফিকেট, ক্রেস্ট, প্রাইজমানি, স্ন্যাকস, লাঞ্চ, টি-শার্ট, কলম, নোটবুক ও কার্নিভ্যাল কিট।
এ বিষয়ে ডুয়েটের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সিরাজুল হক মোল্লা বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণিতকে কেন্দ্র করে একত্র হবে, যা একটি উৎসবে পরিণত হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে গণিত শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা আরও উৎসাহিত হবে। আমি বিশ্বাস করি, এটি জাতীয় পর্যায়ের একটি সফল ও স্মরণীয় কার্নিভ্যাল হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
সৌজন্য সাক্ষাতে আরও বক্তব্য দেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি আশিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ডুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি ইমরান রতন ও সাধারণ সম্পাদক রাফিউজ্জামান রাফি। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল, প্রচার সম্পাদক টুটুল শিকদার, বন্ধু মো. শাকিল, ডুয়েট ম্যাথ ক্লাবের সহসভাপতিসহ অন্য সদস্যরা।



