ড্যাফোডিল শিক্ষার্থীদের উদ্যোগে উত্তরায় ডিজিটাল সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
রাজধানীর উত্তরার মোজাফফর গার্ডেন সিটি আবাসিক কমপ্লেক্সে সম্প্রতি ‘ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেনিং ২০২৬’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার, ১০ এপ্রিল বিকেলে আয়োজিত এই কর্মশালায় ১৭ জন মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট হিসেবে এই কর্মশালার আয়োজন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ১৫ শিক্ষার্থী।
ছয় মডিউলে বিভক্ত প্রশিক্ষণ সেশন
কর্মশালাটি ছয়টি মডিউলে ভাগ করে পরিচালনা করা হয়, যেখানে ছয় শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। প্রথম মডিউলে ডিজিটাল সিটিজেনশিপ, ইন্টারনেট নিরাপত্তার মৌলিক ধারণা এবং ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি যেমন ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ভুয়া খবর ছড়ানো এবং সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। বাংলাদেশে প্রচলিত প্রতারণার উদাহরণ হিসেবে লটারি জেতার মেসেজ এবং বিকাশ বা নগদের মতো ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মে সম্ভাব্য ঝুঁকি তুলে ধরা হয়।
পাসওয়ার্ড নিরাপত্তা ও অ্যাকাউন্ট সুরক্ষা
দ্বিতীয় মডিউলে পাসওয়ার্ড নিরাপত্তার গুরুত্ব ব্যাখ্যা করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম শেখানো হয়। তৃতীয় মডিউলে অ্যাকাউন্ট সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। চতুর্থ মডিউলে ভুয়া অ্যাকাউন্ট চেনার কার্যকর কৌশল শেখানো হয়, যা অংশগ্রহণকারীদের অনলাইন জগতে সতর্ক থাকতে সহায়তা করে।
সাইবার বুলিং মোকাবিলা ও দায়িত্বশীল আচরণ
পঞ্চম মডিউলে সাইবার বুলিং সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং এর মোকাবিলায় করণীয় বিষয়গুলো যেমন উত্তর না দেওয়া, ব্লক করা, স্ক্রিনশট সংরক্ষণ করা এবং রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়। ষষ্ঠ ও শেষ মডিউলে অনলাইনে ভদ্র আচরণ, দায়িত্বশীলতা, তথ্য যাচাই, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অন্যদের সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।
শিক্ষক ও কমিউনিটির প্রতিক্রিয়া
কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান। তিনি একাডেমিক সুপারভাইজার হিসেবে শিক্ষার্থীদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে সবার সুরক্ষা নিশ্চিত করা দরকার। একটি আবাসিক কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়।’
পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান
এই কর্মশালার পৃষ্ঠপোষক ছিল ব্রিটিশ কাউন্সিল ও ইউনিভার্সিটি অব লিবার্ট আর্টস বাংলাদেশ (ইউল্যাব), এবং সহযোগী ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কমিউনিটি পার্টনার হিসেবে মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগটি ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন বয়সের মানুষকে অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে একটি মাইলফলক হিসেবে কাজ করেছে।



