প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিসংযোগ: তিনজন গ্রেফতার
প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিসংযোগ: তিনজন গ্রেফতার

রাজধানীর মিরপুর-২ নম্বরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোররুমে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— অধিদফতরের পরিচ্ছন্নকর্মী মো. আসমাউল ইসলাম (৩০), স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও স্টোরকিপার মো. হুমায়ুন কবির খান (৫৯)।

পুলিশের ধারণা, অধিদফতরের মালামাল কেনাকাটায় দুর্নীতির বিষয় ধামাচাপা দিতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তবে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পরই প্রকৃত কারণ জানা যাবে।

শনিবার (২ মে) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে অধিদফতরের দ্বিতীয় তলার স্টোররুমে আগুন দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি অক্ষত, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি গুরুতর ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। ঘটনার পর মিরপুর মডেল থানায় মামলা করা হয়।

তদন্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার বিকালে পরিচ্ছন্নকর্মী আসমাউল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই স্টোররুমে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকালে অধিদফতরে অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেফতার করা হয়।

ডিসি মোস্তাক সরকার বলেন, আগুন দেওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট কারণ এখনও জানায়নি। তবে আমরা ধারণা করছি, কেনাকাটায় দুর্নীতি আড়াল করতেই অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ জানায়, স্টোররুমের মালামাল নষ্ট করতে আসমাউলকে আর্থিক প্রলোভন দেওয়া হয়। এ কাজে ৫ লাখ টাকার চুক্তি হয়েছিল, যার মধ্যে ৮০ হাজার টাকা আগেই দেওয়া হয়। ওই টাকা দিয়ে তিনি বিভিন্ন জিনিসপত্র কিনেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় ‘হৃদয়’ নামে আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ বলছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার ভোরে বোরকা পরে এক ব্যক্তি স্টোররুমে ঢুকে একাধিকবার মালামাল ও ল্যাপটপ সরিয়ে নেয় এবং বের হওয়ার সময় আগুন লাগিয়ে পালিয়ে যায়।

মামলার এজাহার অনুযায়ী, ভোর সাড়ে ৪টার দিকে দায়িত্বরত আনসার সদস্য আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় প্রায় দুই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি পুলিশকে ঘটনার নেপথ্যে নাশকতার কোনও সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশও দেন।