ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অনলাইনে চলা এই আয়োজনের পাশাপাশি শনিবার (২ মে) অফলাইন ফেয়ারও অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় একাধিক ইংলিশ মিডিয়াম স্কুল। বিশেষ করে নজর কেড়েছে রংপুরের নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল এবং ময়মনসিংহের হেইলিবেরি ভালুকা।
রংপুরের নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের অংশগ্রহণ
ফেয়ারে অংশ নিয়ে নজর কেড়েছে রংপুরের নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আবু হেনা মো. সারোয়ার জাহান বলেন, ‘উত্তরের মানুষ যেন শিক্ষায় পিছিয়ে না থাকে, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। আমাদের অঞ্চলের অনেকেই এখনো বিশ্বমানের শিক্ষার প্রয়োজনীয়তা পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। আমি ২৬ বছর ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি। তাই সব সময় মনে হয়েছে, এখানে এমন একটি প্রতিষ্ঠান দরকার, যেখানে শিক্ষার মান হবে আন্তর্জাতিক পর্যায়ের। আজকে রংপুর থেকে এসে এ মেলায় যুক্ত হওয়ার উদ্দেশ্য একটিই, যাতে মানুষ জানতে পারে—উত্তরবঙ্গেও এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে বিশ্বমানের শিক্ষা প্রদান করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই গ্লোবাল এডুকেশন সবার নাগালের মধ্যে থাকুক। সে কারণে অন্যান্য অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের তুলনায় আমাদের ফি তুলনামূলকভাবে সহনীয় রাখা হয়েছে। ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতেও আমাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছে।’
ময়মনসিংহের হেইলিবেরি ভালুকা
অন্যদিকে ময়মনসিংহে অবস্থিত হেইলিবেরি ভালুকা সরাসরি যুক্তরাজ্য থেকে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সিনিয়র এনরোলমেন্ট ম্যানেজার আয়শা আক্তার আশা বলেন, ‘বাংলাদেশে একটি শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার পর এমন একটি স্থান খোঁজা হচ্ছিল, যেখানে পরিবেশ হবে নিরিবিলি ও দূষণমুক্ত। সে বিবেচনায় ভালুকাকে নির্বাচন করা হয়েছে।’
আয়শা আক্তার আশা আরও বলেন, ‘আমাদের স্কুলে এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এখানে শিক্ষার মান যেমন আন্তর্জাতিক পর্যায়ের, তেমনি শিক্ষার্থীদের মানসিক সুস্থতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাদের জন্য রয়েছে উন্মুক্ত খেলার মাঠ, যেখানে তারা বাস্কেটবল, ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধুলায় অংশ নিতে পারে। একটি শিশুর সামগ্রিক বিকাশের জন্য এ ধরনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন
রাজধানীকেন্দ্রিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। এতে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে থেকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে। আয়োজকেরা আশা করছেন, ভবিষ্যতে ঢাকার বাইরের এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬-এর মতো উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



