রাজধানীর রায়ের বাজারে বিষপানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বক্তব্য
তার বোন সনজিদা হালদার জানান, তারা রায়ের বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। বিকালে বাসায় সবার অগোচরে বিষাক্ত কোনো তরল পদার্থ পান করে তার ভাই। পরে বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, কী কারণে সৌরভ এ ঘটনা ঘটিয়েছে তা কারও জানা নেই। তবে প্রেম সংক্রান্ত কোনো কারণে হতে পারে। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুল গ্রামে। বাবার নাম অমল হালদার।
পুলিশের তথ্য
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



