এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজবে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড
এসএসসি প্রশ্ন ফাঁসের গুজবে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একটি অসাধু চক্র বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আজ শনিবার ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড এ অনুরোধ জানিয়েছে। এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানে পরীক্ষা।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস–সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তার অভিযান

এ পরিপ্রেক্ষিতে ২০ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোর টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে অভিভাবক ও শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার এবং কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ