অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু লেখাপড়া করবে, সেখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্থিতিশীল রাজনীতির পথে বাংলাদেশ
অনুষ্ঠানে বক্তৃতায় আমির খসরু বলেন, বাংলাদেশ একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে। এই পথে যারা বাধাগ্রস্ত করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
জ্বালানি মূল্য বৃদ্ধি প্রসঙ্গে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট তৈরি হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বেই একই সংকট। বরং আমরা একমাত্র দেশ, যারা খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ মূল্য বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে এবং খুব সামান্য মূল্য বৃদ্ধি করেছি। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি মূল্য বৃদ্ধি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অনেক দেশে কারফিউ পর্যন্ত জারি হয়েছে, কিন্তু বাংলাদেশ সে জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই, এ কথা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদের ম্যানেজ করতে হবে, যা খুব কঠিন কাজ। আমাদের সামর্থ্য নিয়ে ম্যানেজমেন্ট যেভাবে করছে, তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।
উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা
সমাজে সব সময় কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের দল বলে কিছু নেই। সব সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। তাদের বিষয়ে বাংলাদেশের আইন যথাযথ ব্যবস্থা করবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় দলীয়করণ করার কোনো সুযোগ নেই।
আমি একটু আগে বক্তৃতা করে বলেছি, বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।



