চবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ
চবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের বিবরণ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, দীর্ঘ ১৭ বছর কঠিনতম সময় অতিক্রম করে অবশেষে গণতান্ত্রিক পরিবেশে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলতে পারছি। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদ একটা দর্শনের নাম। এটা হচ্ছে মানুষের মুক্তির দর্শন। এটা মানুষের মূল্যবোধ, চেতনা এবং বিশ্বাসে বিশ্বাসীদের দর্শন। এটা জাতির মুক্তির সনদের জন্য, জাতি নিজ ধর্ম ভালোভাবে পালনের জন্য একটা প্যাকেজ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ অতিথিদের বক্তব্য

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা যোগাবে। বিগত শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানার সুযোগ পায়নি। এখন সময় এসেছে সত্য ইতিহাস জানার। ইতিহাসের কোনো অংশ বাদ দিয়ে কিংবা কারো অবদান ছোট করে নয়; সঠিক ইতিহাসটা শিক্ষার্থীদের জানতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এ প্রজন্মকে জানতে হবে। শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি বর্তমান যে বাংলাদেশ সেটার রুপকার ছিলেন। আজকের আধুনিক অনেক কিছুরই বীজ বপন করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রান্তিকালে দেশের হাল ধরেছিলেন। জনবান্ধব অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি, যার সুফল আমরা এখন পাচ্ছি। বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারেনি কেউ। সঠিক ইতিহাস জানা দরকার।

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি সংসদ চবির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানানোর লক্ষ্যে আমাদের এ আয়োজন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আমাদের শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন এ আয়োজন বাস্তবায়ন করার জন্য। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অন্যান্য বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি এস.এম. নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সম্পাদকমন্ডলীর সদস্য মোরশেদুল আলম, সদস্য মো. জসিম ও মো. ইসরাফিল এবং চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবদুল ছবুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।

পুরস্কার বিতরণ

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ, বই ও একটি ফলজ গাছের চারা প্রদান করা হয়।