সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে আগের উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক তাহমিনা আখতারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তানুযায়ী, তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেটি পর্যন্ত বহাল থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
আলাদা প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য ড. এস এম হাসান তালুকদারকে অব্যাহতি দিয়ে তার মূল পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
অপর এক প্রজ্ঞাপনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেটি পর্যন্ত বহাল থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
আলাদা আদেশে সাবেক উপাচার্য ড. মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে তার মূল পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
অন্য আরেক প্রজ্ঞাপনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের (এনটোমোলজি) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেটি পর্যন্ত বহাল থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
আলাদা প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে অব্যাহতি দিয়ে তার মূল পদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।



