জ্বালানি প্রাপ্যতা সংকট কমে আসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি বৃহস্পতিবার চালু থাকা অনলাইন ক্লাস ও অন্যান্য ভার্চুয়াল একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সশরীরে ক্লাস শুরু হবে।
একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সিদ্ধান্ত
বুধবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদগুলোর ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্যের বক্তব্য
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে আপদকালীন ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু ও ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।
একইসঙ্গে এখন থেকে প্রতি মাসে নিয়মিত একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য।



