ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্রীষ্মকালীন সেমিস্টার ২০২৬-এর নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১৩টি বিভাগের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়।
বিভাগভিত্তিক আয়োজন
প্রতিটি একাডেমিক বিভাগ তাদের নিজ নিজ শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়ম-কানুন এবং বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করানো হয়।
অতিথি ও বক্তব্য
নবীনবরণ অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাই এবং শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অতিথিগণ তাদের বক্তৃতায় নবীন শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অনুপ্রাণিত করেন। তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও নীতি বজায় রাখার পাশাপাশি বিশ্ববাজারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হিসেবে গড়ে তুলতে দরকারি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।



