সারা দেশে ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে এই শিক্ষার্থীছবি : তানভীর আহাম্মেদে
পরীক্ষার সময়সূচি নিয়ে মতামত
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীসহ অংশীজনেরা বলছেন ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। এ ক্ষেত্রে তাঁদের পরামর্শ, এসএসসি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়া যেতে পারে। এখন শিক্ষা বোর্ডগুলো এই সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এর পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা ডিসেম্বরে আনা যেতে পারে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই দুই পাবলিক পরীক্ষা নিয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন অভিমত উঠে আসে। বৈঠকে উপস্থিত দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, অংশীজনদের এমন মতামতের পর ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এ বছরের ডিসেম্বরে হবে না, পরবর্তী বছরই হবে।
বর্তমান পরীক্ষার সূচি
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা যাচ্ছে না; বরং আরও পিছিয়েছে। চলতি বছরের (২০২৬ সাল) এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে জুলাই মাসে।
এমন পরিস্থিতিতে সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অংশীজনদের প্রতিক্রিয়া
তবে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গতকালের অংশীজনদের নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক সভাতেও ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত এসেছে। অনলাইনে এই সভায় যুক্ত হয়ে একজন শিক্ষার্থী বলেছে, হুট করে এ বছরের ডিসেম্বরে পরীক্ষা নিলে প্রস্তুতিতে ঘাটতি হবে।
ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামতের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন।
এইচএসসি পরীক্ষার বিষয়ে আরেকজন বলেন, গত বছরের (২০২৫) একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল ওই বছরের ১৫ সেপ্টেম্বর। সুতরাং ডিসেম্বরে পরীক্ষা নিতে গেলে পাঠ্যসূচিই শেষ হবে না।
বৈঠকে অংশ নেওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পক্ষে মত পেয়েছেন।
শিক্ষাবর্ষ ও পরীক্ষার সমন্বয়
বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। তবে উচ্চমাধ্যমিকের শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে। আবার দেশে উচ্চশিক্ষার সেশনও শুরু হয় জুলাই থেকে। তাই শিক্ষাবিদেরা বলে আসছেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া গেলে তা ইতিবাচক হবে। কিন্তু সেই কাজটি করতে হবে সমন্বিত ও পরিকল্পিতভাবে।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী অংশীজনদের মতামতের ওপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। অংশীজনেরা বলেছেন যেহেতু মাধ্যমিকের শিক্ষাবর্ষ ডিসেম্বরে শেষ হয়, তাই ডিসেম্বরে পাঠ্যসূচি শেষ করে আগামী জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া যায়। আর গতবার একাদশ শ্রেণির ক্লাস যেহেতু সেপ্টেম্বরে শুরু হয়েছিল, সেই হিসাবে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ করতে অন্তত ১৮ মাস সময় দিতে হবে। সেই বিবেচনায় এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার বিষয়ে মতামত এসেছে। এখন অংশীজনদের এই মতামতের ওপর ভিত্তি করে তাঁরা ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।



