পানিবাহিত রোগে অসুস্থ শিক্ষার্থীদের বিক্ষোভ, বাজেট বরাদ্দের দাবি
পানিবাহিত রোগে অসুস্থ শিক্ষার্থীদের বিক্ষোভ, বাজেট চান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা পানিবাহিত রোগে একের পর এক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভে নামেন। বুধবার (১৩ মে) রাত ১২টার দিকে হল থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন তারা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বাজেট বরাদ্দ আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এ বক্তব্যের পর ক্ষুব্ধ ছাত্রীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

পানির মান নিয়ে উদ্বেগ

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে। তারা জানান, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, গুরুতর অসুস্থ হওয়ার পর সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়েছিল, কারণ তখন অনেকেই অসুস্থ ছিলেন। পরে বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে যেসব ওষুধ দেওয়া হয়, সেগুলো হল-সংশ্লিষ্ট মেডিকেল সেবাকেন্দ্রে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রতি বর্ষে স্বাস্থ্য খাতে নেওয়া অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সে প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাবি ও হুঁশিয়ারি

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

প্রশাসনের বক্তব্য

কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. মাহবুবা সুলতানা গণমাধ্যমকে জানান, হলের শিক্ষার্থীদের স্বাস্থ্য খাতে আলাদাভাবে কোনো বাজেট নেই। এ প্রতিক্রিয়াতেই মূলত শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।