২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
যোগদানের নির্দেশনা
প্রজ্ঞাপনে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা দফতরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পটভূমি
বিএনপি-জামায়াতসহ চার দলীয় জোট সরকারের শেষ সময়ে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ওই বছরের জুলাই মাসে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
২০০৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় সেই মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হয়, তাতে উত্তীর্ণ তিন হাজার ২২৯ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
আইনি লড়াই
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছরের ২০ ফেব্রুয়ারি অনুকূলে রায় পান বঞ্চিতরা। তখন আপিল বিভাগ বাদ পড়া এক হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার আদেশ দেন।



