গত দশকজুড়ে ব্যবসায়িক, শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে রোমানিয়া উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম খরচে পড়াশোনা ও জীবনযাত্রার সুযোগ থাকলেও শিক্ষার মান অত্যন্ত উঁচু। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইউরোপের সেরা বিদ্যাপীঠগুলোর সমকক্ষ।
গ্রীষ্মকালীন কোর্সের বিবরণ
রোমানিয়ায় বিশেষ একটি গ্রীষ্মকালীন কোর্সের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা রোমানীয় ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লির রোমানিয়া দূতাবাস থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রাপ্ত ৫২৯ নম্বর নোট ভার্বালের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই কোর্সের বিস্তারিত তথ্য এবং আবেদনপদ্ধতি রোমানিয়ার সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মে তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ই–মেইল ঠিকানাগুলো হলো: [email protected] এবং [email protected]।
রোমানিয়ার অর্থনীতি ও শিক্ষা
২০০৭ সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। দেশটির জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। বর্তমানে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর একটি। আঙুর, আপেল, শর্ষে ও বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, লৌহ, ইস্পাতশিল্প, মেশিনারিশিল্প, বস্ত্রশিল্প ও মোটর গাড়ি তৈরির কারখানার মতো ভারী শিল্প দেশটির অর্থনীতিকে বেগবান করেছে।



