দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলে
স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হচ্ছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) চার দিনব্যাপী এই বিশেষ আয়োজনের উদ্বোধন করা হবে। মধুপুর বনাঞ্চলের দোখলা জাতীয় উদ্যানের মনোরম পিকনিক স্পটে আয়োজিত ব্যতিক্রমধর্মী এ ক্যাম্প আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কাউট ব্যক্তিত্ব
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান কমিশনার এবিএম আবদুস সাত্তার।
ক্যাম্পে অংশগ্রহণকারী ও কার্যক্রম
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত ‘প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’ এ অংশ নিচ্ছে ঢাকা অঞ্চলের ১৪টি জেলার বাছাইকৃত প্রায় ৭০০ জন স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা। অংশগ্রহণকারীরা বিভিন্ন রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং ও সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে।
সাংগঠনিক কমিটি গঠন
এই আয়োজনকে সফল করতে ঢাকা বিভাগীয় কমিশনারকে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের কোষাধ্যক্ষকে সভাপতি করে ১৯ সদস্যের একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
ক্যাম্পের বিস্তারিত তথ্য
স্কাউট মধুপুর ইউনিট কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ফকির বলেন, ক্যাম্পে প্রতি অঞ্চল থেকে একটি করে স্কাউট দল অংশ নিচ্ছে। স্বাগতিক মধুপুরের চারটি দল পাচ্ছে এই সুযোগ। প্রতিটি দলে রয়েছে ৮ জন স্কাউট ও একজন ইউনিট লিডার। চার দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা দলগত কাজ, নেতৃত্ব, সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলবে।
তিনি বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকেই অংশগ্রহণকারীরা ক্যাম্পে প্রবেশ শুরু করেছে। স্কাউট আন্দোলনের প্রসারে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।



