শিক্ষার্থীদের ‘ভিখারি’ বলে বকাঝকা, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
শিক্ষার্থীদের ভিখারি বলায় অধ্যক্ষের পদত্যাগ দাবি

পাবনায় শিক্ষার্থীদের ‘ভিখারি’ বলায় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পাবনা ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজে বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বুধবার বিকালে পাবনা পৌর এলাকার অনন্ত বাজার এলাকায় প্রতিষ্ঠানটির সামনে ঢাকা-পাবনা সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে, বেতন ও পরীক্ষার ফি কমানোর জন্য অধ্যক্ষ সুরাইয়া সুলতানার কাছে আবেদন জানালে তিনি তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এমনকি তিনি শিক্ষার্থীদের পরিবার ও অভিভাবকদের ‘ভিখারি’ বলে গালিগালাজ করেন। তাই তার পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছে। শিক্ষার্থীরা জানায়, তাদের যৌক্তিক দাবি মানতে হবে।

তাদের আরও অভিযোগ, ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজটি একটি ট্রাস্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। প্রতি বছর প্রতিষ্ঠান কোটি টাকা আদায় করছে, পাশাপাশি সরকার বেতন দেয়। এত কিছুর পরেও কেন তাদের ওপর জোর-জুলুম করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধ্যক্ষ সুরাইয়া সুলতানা শিক্ষার্থী ও অভিভাবকদের ‘ভিখারি’ বলার বিষয়টি অস্বীকার করে বলেন, কেন তারা বিক্ষোভ করছে তা তিনি জানেন না। তাদের কোনো দাবি থাকলে তাকে বলতে হবে, তিনি কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করবেন।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে শিক্ষার্থীদের সড়ক থেকে ক্যাম্পাসে পাঠানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ