বিদ্যালয়ে শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ
বিদ্যালয়ে শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিদ্যালয় চলাকালে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষিকার বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলা সদরের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর প্রায় ১টার দিকে শিক্ষার্থীদের খেলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় অফিস কক্ষে শিক্ষক-শিক্ষিকা ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।

অভিযুক্ত শিক্ষিকার পূর্ব ইতিহাস

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তিনি একবার এক শিক্ষককে জুতা নিয়ে মারতে উদ্যত হন এবং প্রায়ই সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকা হালিমা সুলতানা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য

অভিযুক্ত আসমা আক্তার বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা তাকে মারতে এলে আত্মরক্ষার্থে তিনি পাল্টা আঘাত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ