২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করতে নজিরবিহীন নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বডি ক্যামেরা ও গুজব প্রতিরোধ
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইন সংশোধন ও কঠোর শাস্তি
তিনি বলেন, পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন সংশোধন করে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি বা যেকোনো অনিয়মে জড়িতদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শিক্ষক বা সংশ্লিষ্ট যে-ই অনিয়মে জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।
উত্তরপত্র মূল্যায়নে পরিবর্তন
এবার উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে শুধু নম্বর পুনর্নিরীক্ষণের সুযোগ থাকলেও এখন প্রয়োজনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে নমুনা উত্তরপত্র সংগ্রহ করে পুনরায় মূল্যায়ন করা হবে এবং পরীক্ষকরা অতিরিক্ত বা কম নম্বর দিচ্ছে কিনা যাচাই করা হবে। এজন্য পরীক্ষকদের প্রশিক্ষণ জোরদার এবং একজন পরীক্ষকের ওপর উত্তরপত্রের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগ ও পরীক্ষা স্থগিত
দুর্যোগপূর্ণ এলাকার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। কোথাও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে অকারণে পরীক্ষা স্থগিত করার পক্ষে নয় সরকার।
পরীক্ষার্থী কমে যাওয়া ও ডিজিটাল প্রশ্নপত্র
পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে তিনি জানান, কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তা বিশ্লেষণ করা হচ্ছে। কারণ চিহ্নিত করে ভবিষ্যতে ঝরে পড়া রোধে পদক্ষেপ নেওয়া হবে। ডিজিটাল প্রশ্নপত্র প্রসঙ্গে তিনি বলেন, উন্নত দেশেও ডিজিটাল পরীক্ষায় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তাই বর্তমানে প্রচলিত ব্যবস্থার নিরাপত্তা জোরদার করাই অগ্রাধিকার।
নতুন শিক্ষাক্রম ও অভিন্ন মূল্যায়ন
শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এবার সারা দেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হওয়ায় উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মান নিশ্চিতে বিশেষ নির্দেশনা, প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করতে। এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।



